ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনীর’ ভার্চুয়াল বইপাঠ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি সংক্ষিপ্ত ও প্রাণবন্ত ভার্চুয়াল বইপাঠ সভার আয়োজন করা হয়। এতে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট লেখক ও ব্যক্তিরা বইয়ের নির্বাচিত অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এই অধিবেশন উদ্বোধন করেন। এ বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ঋষিতুল্য শান্তিদূত; একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, একজন পাশবিকতাবিরোধী এবং যে কোনো জোর-জুলুমের বিরুদ্ধে একটি ঢাল। তার বক্তব্যের পরে, অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঁচটি অনুচ্ছেদ পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর সাহসিকতা ও বাংলাদেশের উন্নয়নে তার অবর্ণনীয় অবদান নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি ভাষার অনুবাদক ড. ফকরুল আলম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, দ্য এশিয়ান এইজ পত্রিকার সম্পাদক সৈয়দ বদরুল আহসান, বিশ্বভারতীর শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায় এবং ঢাকা লিট ফেস্টের সহপ্রতিষ্ঠাতা কবি সাদাফ সাজ। পুরো অধিবেশনটি পরিচালনা করেন আইজিসিসি ঢাকার পরিচালক নীপা চৌধুরী। গতকাল ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।