নোংরা পথ বেছে নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৭:৪৮

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নির্বাচনী প্রচারণা বিভাগ নোংরা কৌশল বেছে নিয়েছেন। তারা বাস্তব অবস্থাকে ঢেকে রাখতে ষড়যন্ত্রের পথে হাঁটছেন। কমলা হ্যারিস তার প্রেস সেক্রেটারি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সাবরিনাকে নিয়োগ দিয়েছেন। খবর সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্প এক আইন বিশেষজ্ঞের বরাত দিয়ে কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে কমলা হ্যারিস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নির্বাচনী কমিটি মিথ্যা তথ্যের দিকে ধাবিত হচ্ছেন। তারা নোংরা কৌশল বেছে নিয়েছেন। তারা দেশের বাস্তব অবস্থা থেকে মানুষের চোখ ঘোরাতে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

প্রেস সেক্রেটারি বেছে নেওয়ার ক্ষেত্রে চমক দিলেন সিনেটর কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত সাবরিনা সিংকে বেছে নিলেন নিজের প্রেস সেক্রেটারি হিসাবে। কমলার মতো এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রেস সেক্রেটারির কাজ সামলাবেন। নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ৩২ বছরের সাবরিনা। নভেম্বরে আসন্ন নির্বাচনে কমলার জেতার বিষয়েও রীতিমতো আত্মবিশ্বাসী তিনি। এদিকে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে ডেমোক্রেটিক দলের সম্মেলন। চার দিনের ভার্চুয়াল সম্মেলনে সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন।

অন্যদিকে রিপাবলিকান দলীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা ২৪ আগস্ট নর্থ ক্যারোলিনার শার্লোটে সংক্ষিপ্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। ২৭ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফা মনোনয়নের প্রস্তাব গ্রহণ করবেন হোয়াইট হাউজের দক্ষিণ লনে এক ভাষণের মাধ্যমে।