শুটিংয়ে ফেরার অপেক্ষা...

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৫৯

বিনোদন প্রতিবেদক

 

মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের মত বাংলাদেশেও সকল মাধ্যমের শুটিং বন্ধ ছিল। অনেকদিন হয়ে গেলেও এখনো পুরোদমে শুটিংয়ে ফিরেনি ঢাকাই সিনেমা। তবে গত রোজার ঈদের পর থেকে নাটকের শুটিং চলছে নিয়মিত। বড়পর্দার অনেককে ছোটপর্দাতেও দেখা গেছে এবার। তবে অপেক্ষা আবারো কবে সিনেমার শুটিং শুরু হবে। অল্প পরিসরে অনেকে শুটিং শুরু করলেও শেষ পর্যন্ত নিয়মিত করা হয়নি। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলেও শুটিং নিয়ে ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের। দেশের বর্তমান সিনেমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। যতিও চলতি বছরটা সংশ্লিষ্ট সবার কাছে বেশ আশা নিয়ে এসেছিল। কারণ গত বছরের শেষ থেকে ২০২০-এ সিনেমার অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন সবাই। মুক্তির সংখ্যা থেকে শুরু করে নতুন সিনেমার প্লান সবকিছু মিলিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রি চলতি বছর দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত চিত্র পাল্টে যায় পুরোপুরি। সিনেমা হল বন্ধ অনেকদিন। এমনিতে দেশের সিনেমাা হলের সংখ্যা কমছে নিয়মিত। তার ওপর বর্তমানে দেশের অবস্থায় অনেক হল মালিক সিনেমা হল ব্যবসার ইতি টানছেন।

সম্প্রতি স্টার সিনেপ্লেক্স এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তাদের পক্ষ থেকে জানানো হয়, এমন চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে স্টার সিনেপ্লেক্সও। তাই সরকারের কাছে সহযোগিতা চেয়েছে তারা। যাতে সার্বিক বিবেচনা করে স্বল্প পরিসরে স্টার সিনেপ্লেক্স খোলার অনুমতি দেওয়া হয়।

এদিকে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন নায়ক নায়িকারা। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান সিনেমায় কবে ফিরবেন তা নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। কারণ দেশের চলচ্চিত্রে দর্শকদের এখনো মূল ভরসার জায়গা শাকিব খান। এছাড়া হল মালিকদেরও এখন পর্যন্ত প্রধান ভরসা শাকিব। তাই তার ফিরে আসার অপেক্ষাটা সবার। করোনার কারণে অনেকদিন ঘরবন্দী তিনিও। বেশ কয়েকটি সিনেমা দিয়ে আবারো শুটিং ফেরার কথা জানান তিনি। এরমধ্যে রয়েছে মালেক আফসারীর ‘হ্যাকার’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ এবং হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’। প্রতিটি সিনেমাই বেশ বড় পরিসরে কাজ শুরু করছেন। তবে কবে থেকে শুটিংয়ে ফিরবেন তা এখনো জানা যায়নি।

এই বছর আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। এখনো কয়েকটি সিনেমা দিয়ে সিনেমায় ফেরার অপেক্ষায় তিনিও।

বিদ্যা সিনহা মিমের শেষ সিনেমা মুক্তি পায় ‘সাপলুডু’। এরপর নতুন সিনেমা নিয়ে কথা হলেও শুটিংয়ে ফেরা হয়নি তার। তবে এবার কোরাবানি ঈদে তার ভক্তরা ছোটপর্দায় নাটকে দেখেছেন তাকে।

বর্তমান ঢাকাই সিনেমায় ব্যস্ততম নায়ক তাসকিন রহমান। প্রায় হাফ ডজন সিনেমা রয়েছে তার হাতে। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। শিগগিরই আবারো সিনেমায় নিয়মিত হতে চান তিনিও।

সম্প্রতি শীহাব শাহিনের দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নুসরাত ফারিয়া। এছাড়াও ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিংও শুরু হবে। তাই বলা যায় শিগগিরই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি। দীর্ঘদিন পর আবারো শুটিংয়ে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তিনি।