দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ঢাকায় দুইদিনের সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে শ্রিংলার। এর পাশাপাশি এই সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট বলছে, করোনার প্রকোপ শুরু হওয়ার পর এটি শ্রিংলার প্রথম কোনো বিদেশ সফর। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন শ্রিংলা। অবশ্য এ বিষয়ে কোন দেশের পক্ষ থেকেই এমন কিছু জানানো হয়নি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, দুই দেশের সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতেই ঢাকায় এসেছেন শ্রিংলা।
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন পেশাদার কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। এরপর ওয়াশিংটনে ভারতীয় হাইকমিশনার হন তিনি। ২০২০ সালে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান হর্ষবর্ধন শ্রিংলা।
ইত্তেফাক/আরএ

