ইসলামপুরে ২৭ মেট্রিক টন চাল জব্দ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩০

জামালপুর প্রতিনিধি

ইসলামপুরে গোয়ালের চর ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দ করা ভিজিডি ও জিআরের ২৭ মেট্রিক টন ৬৬০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীরের মালিকানাধীন মিম এন্টারপ্রাইজ গুদাম থেকে এসব জব্দ করা হয়। পরে জব্দকৃত চালসহ গুদাম সিলগালা করে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই এর পক্ষ থেকে। বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এনএসআইর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে।