স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে ট্রাকের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ঐ ব্যক্তির কাছ থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে যমুনা ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব-১৩। এ সময় ট্রাকের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় লুকানো দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নান্নু মিয়া ওরফে ঠান্ডু নামের একজন মাদক সরবরাহকারীকে।
র্যাবের দাবি, নান্নু মিয়া সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
