ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩৫

রাজশাহীতে প্রকৌশলীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনকে (২৮) পিটিয়ে জখম করায় জড়িত ঠিকাদারকে কালো তালিকাভুক্তসহ সব চলমান কাজ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার রাজশাহী গণপূর্ত কার্যালয় চত্বরে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

সমিতির জেলা সভাপতি ছাইদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়াতুল্লাহর পরিচালনায় কর্মসূচিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বপন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইডিবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল নোমান প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, রাজশাহী গণপূর্ত কার্যালয়-২-এর উপসহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনের অফিস কক্ষেই সোমবার তার ওপর হামলার ঘটনা ঘটে। শাহাবুল মঞ্জু লিটন ও আতিকুর রহমান আতিক নামের দুই ব্যক্তি এই প্রকৌশলীকে পিটিয়ে রক্তাক্ত করেন।