বড় দরপতন কমেছে লেনদেন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩৯

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস বড় দরপতন হলো। গত দুই দিন একই ধারায় লেনদেন হয়েছে। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত তা পড়ে গেছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২০ পয়েন্টে নেমে গেছে।

ডিএসইর ওয়েসবাইটের তথ্যমতে, প্রধান সূচকের পাশাপাশি বড় পতন হয়েছে অপর দুই সূচকের। এর মধ্যে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্ট হয়েছে।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৮টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৫৫ কোটি ৭৬ লাখ টাকার। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৭৩ কোটি ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৭১ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও বারাকাত পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৭টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।