স্পোর্টস রিপোর্টার
বৃষ্টির বাধায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিংয়ের সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসে। সেখানেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন স্টুয়ার্ট ব্রড। আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে দুইয়ে ওঠে এসেছেন এই ইংলিশ পেসার। তিনে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার।
সাউদাম্পটনে সোমবার নিষ্প্রাণ ড্র হওয়া টেস্টে একমাত্র ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট নেন ব্রড। পরদিন আইসিসির প্রকাশিত র?্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠেন ৩৪ বছর বয়সি এই পেসার। ব্রডের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জেমস অ্যান্ডারসন এগিয়েছেন দুই ধাপ, আছেন ১৪তম স্থানে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন ইনিংসে ৬০ রানে নেন ৩ উইকেট।
দুই ধাপ এগিয়েছেন পকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসও, তিনি আছেন আটে। ২০১৮ সালের অক্টোবরে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছিলেন তিনি। ব্যাটসম্যানদের র?্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পাঁচে ফিরেছেন বাবর আজম। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথমবার পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। একমাত্র ইনিংসে পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৪৭ রান।
