চীনের কাছে গোপন তথ্য পাচারে অভিযুক্ত হলেন সাবেক সিআইএ কর্মকর্তা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৫১

বিবিসি ও এএফপি

চীনের কাছে গোপন তথ্য বিক্রি এবং যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তির গোপনীয়তা প্রকাশ করার জন্য মার্কিন কেন্দ্রীয় গুপ্তচর সংস্থা সিআইএর এক কর্মকর্তার বিরুদ্ধে হাওয়াইয়ের ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার এফবিআইয়ের দায়ের করা অভিযোগে বলা হয়, এন্ড্রু ইউক চেং মা গত বছর স্বীকার করেছেন, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থায় থেকে চীনা গোয়েন্দা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এবং অন্তত এক দশক ধরে অর্থের বিনিময়ে তিনি তথ্য পাচার করে আসছেন। চেং মা গোপন এজেন্টের সঙ্গে নিয়মিত সাক্ষাত্ করতেন এবং গত মাস পর্যন্ত অর্থের বিনিময়ে গোপন তথ্য পাচার করেছেন। অভিযোগে বলা হয়, ‘আন্ডারকভার’ এজেন্টের কাছে চেং মা স্বীকার করেছেন, তিনি বেইজিংয়ের পক্ষে কাজ করতে পেরে সন্তুষ্ট এবং কোভিড-১৯ মহামারি শেষ হলে তিনি এ বিষয়ে কথা বলবেন।

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, চেং মাকে ১৪ আগস্ট গ্রেফতার করা হয় এবং সোমবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। হংকংয়ে জন্ম নেওয়া চেং মা (৬৭) মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন এবং ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সিআইএর উচ্চপদে কাজ করেন। তার একজন ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন, যার বয়স ৮৫ বছর। অসুস্থতা ও বয়স বিবেচনায় তাকে এই অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যক্তি ১৯৬৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এই সংস্থায় কাজ করেছেন।

অভিযোগে বলা হয়, এই দুজন অন্তত ২০০১ সালের শুরুর দিক থেকে বেইজিং মিনিস্টারি অব স্টেট সিকিউরিটির এজেন্টের (এমএসএস) কাছে তথ্য সরবরাহ করে আসছেন। এফবিআইয়ের তদন্তকারীরা ২০০১ সালের মার্চে হংকংয়ে এমএসএস এজেন্টের সঙ্গে বৈঠকের অডিও ও ভিডিও রেকর্ড পেয়েছেন। তবে কীভাবে পেয়েছেন তা জানায়নি। ঐ বৈঠকে তারা সিআইএর সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য সরবরাহ করে। এজন্য তারা ৫০ হাজার ডলার গ্রহণ করে। এসব গোপন মার্কিন গোয়েন্দা তথ্য পেয়ে ২০১০ সালে চীন দেশের অভ্যন্তরে মার্কিন গোয়েন্দা চক্র ভেঙে ফেলে। এর আগে গত নভেম্বরে ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিআইএর হয়ে কাজ করা জেরি চুন সিং লিকে চীনের কাছে গোপন তথ্য বিক্রির দায়ে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।