ভাড়া বৃদ্ধি প্রহসন!

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:১৩

করোনাকালে সাধারণ মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে তাদের গন্তব্যে পৌঁছুতে পারে, সেজন্য ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে ২ জনের আসনে ১ জন বসার শর্তে গণপরিবহন চালু করা হয়। এটা নিঃসন্দেহে মহত্ উদ্যোগ। কিন্তু দূরপাল্ল­ার কিছু পরিবহন ছাড়া কেউই এই নীতিমালা মানছে না যাত্রী ওঠানোর ক্ষেত্রে। উপরন্তু, ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার পরিবর্তে নেওয়া হচ্ছে শতভাগ বেশি ভাড়া ও আসন সংখ্যার অধিক যাত্রী। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি—গাদাগাদি করেই যাতায়াত করতে হচ্ছে কর্মজীবী মানুষকে, যাদের গণপরিবহনই একমাত্র ভরসা। এতে করে বৃহত্ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। এ অবস্থায়, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। গণপরিবহনই যেন করোনার আতুর ঘরে পরিণত হয়েছে! সংশ্লি­ষ্ট সবার দৃষ্টি আর্কষণ করছি এ বিষয়ে। প্রয়োজনে আইন অমান্যকারীদের আইন মানতে বাধ্য করা হোক এবং বর্ধিত ভাড়া বাতিল করা জরুরি।

আবু তালহা আকাশ

দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া