ক্যাপসন নিউজ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:১৩

ছবির এই দৃশ্য বন্দরনগরী চট্টগ্রামের ১৬ নম্বর ওয়ার্ডের চকবাজার কাঁচাবাজার-সংলগ্ন রাস্তার। পাশেই টিনের ছাউনি আচ্ছাদিত জায়গায় রয়েছে প্রাচীন একটি মন্দির। কিন্তু পরিতাপের বিষয়, মন্দিরের বাউন্ডারি দেওয়ালের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। রাতের মধ্যে তার বিস্তৃতি ঘটে প্রায় গেট পর্যন্ত। খালপাড়-সংলগ্ন টিনের বেড়া দেওয়া জায়গায় খোলা আকাশের নিচে প্রতিদিন মূত্র ত্যাগ করে পথচারীসহ আশপাশের দোকানদাররা। এতে প্রতিনিয়ত দুর্গন্ধ ও দূষণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং মন্দিরে প্রার্থনায় ব্যাঘাত সৃষ্টি করছে। ময়লা ফেলার নির্দিষ্ট কোনো সময় নেই, যার যখন খুশি ফেলছে। চকবাজার কাঁচাবাজার কমিটিও এসব বিষয়ে বরাবরই উদাসীন। বাজারে নেই ময়লা ফেলার ব্যবস্থা। বাথরুম থাকলেও থাকে তালামারা। বহুবার লিখিত, মৌখিক অভিযোগ এমনকি অনুরোধ করার পরও পরিস্থিতির উত্তরণ হয়নি। আশা করি, চকবাজার এলাকার দীর্ঘ ২৫ বছরের এই দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত মাননীয় প্রশাসক। —শ্রীধর দত্ত, চট্টগ্রাম