দেশে ফিরেছে ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:৩৯

ভিয়েতনামে কাজের সন্ধানে গিয়ে আটকে পড়া ১০৭ জন এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান তাদেরকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

ওই বিমানে ১ জন ভিয়েতনামের নাগরিকও বাংলাদেশে আসেন। বিমানটি ভিয়েতনামের হ্যানয় এর নোইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে আসে। 

বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবসানের আয়োজন করে। 

আরও পড়ুন: হাসপাতালের সরকারি ওষুধ আত্মসাতের সময় হাতেনাতে ধরা নার্স

কোভিড মহামারির জন্য ভিয়েতনাম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও  দূতাবাসের কর্মকর্তারা প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশিদের বিদায় জানান।

হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পুনরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ‘এক্সিট পারমিট’ প্রদান করে। 

ইত্তেফাক/এএএম