বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আমরা এসেছি এখানকার মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার জন্য। আজকে মেগা প্রজেক্টের কয়েকটা ফ্লাইওভার হয় ঢাকায়। আর এই মেগা প্রজেক্টের টাকা তো যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এজন্য গ্রামবাংলার কোনো উন্নতি হয়নি। একটা বন্যা হলে খেতের ফসল, গবাদি পশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। বানভাসি মানুষ হয় সরকারি রাস্তার ওপর না হয় স্কুলে আর না হয় অন্য কোথাও দিন-রাত্রি পার করে। কোথায় আজ সাধারণ মানুষের উন্নতি, কোথায় উন্নতি হচ্ছে?’
মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের জন্য দিনব্যাপী বিএনপির মেডিক্যাল ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মেডিক্যাল ক্যাম্পে বন্যা আক্রান্ত মানুষের চিকিত্সাসেবাসহ বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।
