বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী এস এম ফাহাদ সার্জিল, শেখ তারেক, বাবুল সিকদার ও মো. জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা কম্পিউটার চুরির প্রকৃত ঘটনা ও মূল পরিকল্পনাকারীদের নাম জনসম্মুখে প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরদিন ১০ আগস্ট এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। ১৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল ক্রিস্টাল ইনে পুলিশ অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করে। ধারাবাহিক অভিযানে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীসহ আরো পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
