যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত

মঠবাড়িয়ার সাবেক এমপি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার মারা গেছেন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:৪৯

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশে দণ্ডিত আসামি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার (৯২) পলাতক অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৭১ সালে আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার মঠবাড়িয়ায় পিস কমিটির চেয়ারম্যান হয়ে বিশাল এক রাজাকার বাহিনী গড়ে তুলে এলাকায় গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালানোর অভিযোগে ২০১৪ সালে দায়ের হওয়া যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন। ঐ মামলা দায়েরের আগেই তিনি দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে যান। গত ১০ বছর ধরে তিনি ক্যানসার আক্রান্ত অবস্থায় আমেরিকায় তার বড় মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মঠবাড়িয়ায় ৩৬ জন মুক্তিকামী মানুষের ওপর গণহত্যা, ৫৫৭টি বাড়িতে অগ্নিসংযোগ করাসহ পাঁচটি গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি সেক্টর কমান্ডারসঘোষিত ৫০ যুদ্ধাপরাধীর তালিকায় জব্বার ইঞ্জিনিয়ারের নাম রয়েছে।