নব্য জেএমবির স্লিপার সেলের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪২

রাজধানীর সদরঘাট থেকে নব্য জেএমবির স্লিপার সেল ‘এফজেড ফোর্স’ এর দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগ। এরা হলেন, সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ এবং ইয়াছির আরাফাত ওরফে শান্ত। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সিটি বলছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল, একটি চাকু এবং হাতেলেখা জঙ্গি তত্পরতার নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংবলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা করা।

সূত্র জানায়, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা একটি নতুন গ্রুপে সাত/আট জন একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে, যার নাম দেয় ‘এফজেড ফোর্স’। এ উদ্দেশ্যে গত ৪ জুলাই সাফফাত ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরত করেন। পরে তারা সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন। তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুতের মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের চেষ্টা করেন। এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন।