করোনার শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা অনেক কিছু শিখিয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করার জন্য নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘শোকাবহ আগস্ট এবং জাতির পিতার শিক্ষা দর্শন’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় বহুবিদ সমস্যা রয়েছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। বাকি সমস্যারও সমাধান করা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর জাতি গঠনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে সরকার। শুধু সরকারের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ আকরামুজ্জামান, মেহেরুন্নেসা, অধ্যক্ষ নুরজাহান শারমিন, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন প্রমুখ।