সড়ক দুর্ঘটনায় জরুরি চিকিত্সাসেবা

স্বাস্থ্যসচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪৯

দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি চিকিত্সাসেবা নিশ্চিতে আদালতের রায় বাস্তবায়ন না করায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

২০১৬ সালের ২১ জানুয়ারি আরাফাত নামে একজন বাসের হেলপার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। কিন্তু তাত্ক্ষণিকভাবে দুইটি হাসপাতাল তাকে চিকিত্সা না দিয়ে ফেরত পাঠায়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।

এ নিয়ে ব্লাস্টের করা এক রিটে ঐ বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ব্যক্তিদের জরুরি চিকিত্সাসেবা দিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশসহ রুল জারি করে হাইকোর্ট। আদালতের ঐ নির্দেশনা অনুযায়ী দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত কোনো ব্যক্তিকে জরুরি চিকিত্সাসেবা প্রদান, চিকিত্সাসেবা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ একটি নীতিমালা প্রণয়ন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দুই বছর পর হাইকোর্ট ঐ নীতিমালা কিছুটা সংশোধন করে দিয়ে রুলের রায় ঘোষণা করে। রায়ে নীতিমালাটি দুই মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে বলা হয়। কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী ঐ গেজেট প্রকাশ না করায় আদালত অবমাননার মামলা করে ব্লাস্ট। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।