‘নিরো বাঁশি বাজায়, ট্রাম্প গলফ খেলে’

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৮:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ‘নিরো’র সঙ্গে তুলনা করলেন তার ডেমোক্র্যাট প্রতিপক্ষের নেতারা। বর্তমান যুক্তরাষ্ট্রে করোনা মহামারি, অর্থনৈতিক দুরবস্থাসহ একের পর এক সংকট সত্ত্বেও ট্রাম্প নিয়মিত তার গলফ ক্লাবে যাচ্ছেন তার প্রিয় এই খেলাটি উপভোগ করতে।

এমন ভাব করছেন যেন দেশের পরিস্থিতি এবং মানুষের জীবনযাত্রা একদম স্বাভাবিক আছে। এ কারণেই সোমবার ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে দলের প্রভাবশালী নেতা বার্নি স্যান্ডার্স বলেছেন, ‘রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল, ট্রাম্প গলফ খেলছিল’। তার এই বক্তব্যে ব্যাপক হাস্যরস ও গণমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।

রোমান সম্রাট নিরো ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং পাগলাটে শাসকদের একজন হিসেবে পরিচিত। বলা হয় যে, তিনি তার মাকে হত্যা করেছিলেন। হত্যা করেন তার সৎ ভাই ও স্ত্রীদেরকেও। খ্রিষ্টানদের ওপর চালিয়েছেন অকথ্য নিপীড়ন। এছাড়া তিনি অত্যন্ত বেহিসাবি ছিলেন। বিশাল আকারের একটি প্রাসাদ নির্মাণ করতে গিয়ে তার পেছনে উড়িয়েছিলেন অঢেল অর্থ। তিনি নিজেকে দাবি করতেন একজন শিল্পী হিসেবেও।

৬৪ খ্রিষ্টাব্দের ইতিহাসে বলা হয়, রোম নগরী যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন সেদিকে নিরোর কোনো ভ্রুক্ষেপও ছিল না। বরং ভাব করছিলেন, সব স্বাভাবিক আছে। মনের সুখে বাঁশি বাজাচ্ছিলেন। ইতিহাসের এই ঘটনাটির কথা আজকের দিনেও কোনো বেখেয়ালি কিংবা খামখেয়ালি মানুষের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। —এনডিটিভি