ভারতে বিজেপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে ফেসবুক?

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৩:০২

ভারতের মতো বড় বাজারকে রক্ষা করতে গিয়ে শাসকদল বিজেপির একজন এমপির বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে কী কিছুটা নরম সুর দেখালো ফেসবুক?

ফেসবুকের বর্তমান ও সাবেক কিছু কর্মীর সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে এটাই সত্যি। 

ওই রিপোর্টে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছেন পত্রিকাটি জানতে চাওয়ার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্য থেকে এমপি টি রাজা সিংয়ের কিছু মুসলিম বিদ্বেষী মন্তব্য সরিয়ে ফেলেছে ফেসবুক। 

রিপোর্টে বলা হয়েছে ফেসবুক কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মিস্টার সিং-এর পোস্ট কোম্পানির হেট স্পিচ সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘন করেছে এবং এগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয় তখন। 

কিন্তু ভারতের কোম্পানির পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস মিস্টার সিং ও আরও তিনজন হিন্দু জাতীয়তাবাদীকে ব্যক্তির ও গোষ্ঠীকে সহিংসতাকে উস্কে দেয়ার জন্য হেট স্পিচ রুলসের প্রয়োগের বিরোধিতা করেন। 

রিপোর্টে বলা হয়েছে যে, মিস দাস কর্মীদের বলেন, 'মিস্টার মোদীর পার্টির রাজনীতিকদের দ্বারা নিয়ম লঙ্ঘন হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে সেটি ভারতে কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনাকে (বিজনেস প্রসপেক্ট) ক্ষতিগ্রস্ত করবে।' 

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট তীব্র প্রতিক্রিয়া তৈরি করে বিরোধী এমপিদের মধ্যে এবং ভারতে ফেসবুকের আচরণ বা কার্যকলাপ নিয়ে তদন্তের দাবি করেন তারা।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন যে বিজেপি ও এর আদর্শিক সংগঠন আরএসএস ভারতের 'ফেসবুক নিয়ন্ত্রণ' করে। 

তাৎক্ষনিক জবাব আসে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্করের দিক থেকে।

তিনি ২০১৮ সালে তারই করা একটি মন্তব্য উল্লেখ করেন 'ক্যামব্রিজ এনালিটিকার সাথে কংগ্রেসের' যোগসূত্র থাকা নিয়ে এবং রাহুল গান্ধীর কাছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে ওই কোম্পানির ভূমিকা নিয়ে 'ব্যাখ্যা' দাবি করেন।

প্রায় ৩৪ কোটি ব্যবহারকারী থাকায় ফেসবুকের জন্য ভারতই সবচেয়ে বড় বাজার।

এদিকে এমন প্রতিবেদন সামনে আসার পরই দিল্লিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর জেরে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে চিঠি লিখেছে ভারতের বিরোধী দল কংগ্রেস।  বিবিসি।  

ইত্তেফাক/এসআর