দেশের সিনেমার বর্তমান অবস্থা ও সংকট প্রসঙ্গে
অভিনেতা তারিক আনাম খান
আমাদের এখানে যে সিনেমাগুলো হচ্ছে, সেখানে জীবনের গল্প কতটা উঠে আসছে সেটা ভাবতে হবে। আমাদের সমাজের দর্শক জীবনের গল্প দেখতে চায়। যে গল্পটি হূদয় ছুঁয়ে যাবে। যেখানে দর্শক নিজেকে খুঁজে পাবে। আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে গল্প কেমন যেন অন্তঃসারশূন্য। জীবন থেকে গল্পটা নিতে হবে এবং সেই গল্পকে সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তবেই সিনেমা দর্শকের হূদয় ছুঁয়ে যাবে। অন্যদিকে আমাদের দেশে সিনেমা হল কম। একটা ভালো ছবি যদি বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি না পায়, তবে প্রযোজকের লগ্নিকৃত অর্থ উঠে আসবে কোথা থেকে? সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় সারাদেশে সিনেমা হল নির্মাণ করা জরুরি। দর্শক সিনেমা দেখতে চায়, ভালো সিনেমা দেখতে চায়। ভালো কোনো সিনেমা দেখার জন্য টিকিট কাউন্টারের সামনে উপচেপড়া ভিড় তো আমরা দেখেছি। আমাদের ভালো সিনেমা হলের সংকট আছে। ভালো সিনেমার সংকট আছে। এ ছাড়া যারা ভালো সিনেমা নির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
