পাবনায় পাটের দামে খুশি কৃষক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৭

পাবনা প্রতিনিধি ও সাঁথিয়া সংবাদদাতা

পাবনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ করা হয়েছে। মৌসুমের প্রথম দিকে পাটের বাজার দর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। এখন বাজারে ভালো পাট মণ প্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাগরকান্দি গ্রামের খলিলপুর গ্রামের পাট চাষি সামছুল আলম বলেন, বৃষ্টি হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। পাটের বর্তমান বাজারে কৃষকের লাভ হচ্ছে। সুজানগরের আজিবর ও সাঁথিয়ার বাবু শেখ বলেন, অন্যান্য বছরের তুলনায় এ এলাকায় পাটের ফলন কম হয়েছে। প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮ মণ পাট উত্পাদন হয়েছে।

বুধবার স্থানীয় পৌরহাটে গিয়ে দেখা যায়, ভালো মানের পাট ২ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা এবং নিম্নমানের পাট ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। জেলার সাঁথিয়ার পাট ব্যবসায়ী আলহাজ হযরত আলী শেখ জানান, সরকারি মিলে পড়ে থাকা বকেয়া টাকা না পাওয়ায় এ বছর ব্যবসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। বাজারে পাটের দাম অনেক ভালো। সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জীব কুমার গোস্বামী বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় সাড়ে ১০ মণ করে পাট উত্পাদন হয়েছে।

পাবনা খামারবাড়ীর উপপরিচালক আজাহার আলী জানান, চৈত্র মাসের শুরুতে পাটের বীজ রোপণ করতে হয়। যারা সঠিক সময়ে পাট চাষ শুরু করেছিল তাদের পাট পরিপক্ব হয়েছে ফলে তাদের আবাদ ভালো হয়েছে। কিন্তু যারা সঠিক সময়ে আবাদ শুরু করতে পারেননি, পাট কাটার সময় এসে গেলেও তাদের পাট পরিপক্ব না হওয়ায় তাদের ফলন কিছুটা খারাপ হয়েছে। দামের বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। চলতি বছর পাবনায় পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৪ হাজার ২৫৪ হেক্টর জমিতে। আবাদ হয়েছে তোষা জাত ৪৩ হাজার ৭১০, দেশি জাত ২২৫ হেক্টর ও মেছতা জাত ৩১০ হেক্টর। মোট ৪৪ হাজার ২৪৫ হাজার হেক্টর জমি। পাটের উত্পাদন লক্ষ্যমাত্রা ৬ কোটি ৭৮ লাখ ৮০০ টন।