সারিয়াকান্দি পৌর সড়ক বেহাল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৭

ড্রেন দিয়ে সরে না পানি!

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

দীর্ঘ দিন ধরে সারিয়াকান্দি পৌর এলাকার বিভিন্ন সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ড্রেনগুলো দিয়ে ঠিকমতো পানিও সরে না। এ কারণে প্রায়ই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়ক ও ড্রেন সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। পৌর এলাকার সরকারপাড়া সড়ক, সাহাপাড়া সড়ক, বালিকা বিদ্যালয় সড়ক, মুদিপাড়া সড়ক  এবং মাছ বাজার সড়কের বিভিন্ন জায়গায়  কার্পেটিং  উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেন দিয়ে পানি সরায় বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পৌরবাসীর অভিযোগ, প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলেও পানি নিষ্কাষণে ঐ ড্রেন কাজে আসছে না। বরঞ্চ ড্রেনে ময়লা-আবর্জনা জমে মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। পৌর প্রকৌশলী বিপ্লব মিয়া জানান, আমি কিছু দিন আগে সারিয়াকান্দি পৌরসভায় যোগদান করেছি। কাজেই এ ব্যাপারে কিছু বলতে পারব না। মেয়র আলমগীর শাহী সুমন জানান, ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে। সড়ক সংস্কারে অচিরেই দরপত্র আহ্বান করা হবে।