বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয় বুধবার। নুরুলাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও সচিব প্রফেসর ডা. মঞ্জুরুল আলম, কোষাধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুরে বুধবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রোজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় মসলা জাতীয় ফসলের মাঠ দিবস পালিত হয়। হাকিমপুর সিআইসি পুরুষ ফসল সমবায় সমিতির সভাপতি অবায়দুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চলতি মাসেই ত্রাণ পাবে আরো সাড়ে ১০ হাজার বন্যার্ত পরিবার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে চলতি মাসেই নতুন করে আরো ১০ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে। বুধবার উপজেলার মোকনা ইউনিয়নের ৪৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলামের উদ্যোগে ও ওয়ালটনের সহায়তায় ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ কথা বলেন।
গ্রাম পুলিশদের পোশাক বিতরণ
মাগুরা প্রতিনিধি মাগুরার চারটি উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে বুধবার পোশাকসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান এসব পোশাকসামগ্রী বিতরণ করেন। কালেক্টরেট চত্বরে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রমুখ।
সুঘাট ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার ফুলজোড় উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
শিশু বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জে শিশু বিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের মিডিয়া রিপোর্টিং সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কেন্দ্রে এসিডির আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম।
উন্নত খাবার পেল চাঁদপুরের শতাধিক এতিম ও পথশিশু
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের শতাধিক এতিম ও পথশিশুর মধ্যে খাবার বিতরণ করেছে ‘পথশিশু অধিকার চাঁদপুর’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুরে শহরের হাজী মহসীন রোড জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে এসব খাবার বিতরণ করা হয়। এতিম ও পথশিশুদের হাতে খাবার তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অনুদানের চেক পেলেন নন-এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়া উপজেলার নন-এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পাবলিক হলে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বুধবার ঈশ্বরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান তুর্ণ এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
০
