কোম্যানই বার্সার নতুন কোচ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

কিকে সেতিয়েন সোমবার রাতে বরখাস্ত হওয়ার পরই অনেকটা নিশ্চিত ছিল রোনাল্ড কোম্যানের বার্সেলোনার কোচ হওয়া। অবশেষে গতকাল বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্পানিশ ক্লাবটি। দুই বছরের চুক্তিতে ডাচ্ এই কোচকে দলে ভেড়াল বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ ব্যবধানে হারের পর থেকেই দলে পরিবর্তনের রব উঠেছিল। মূল দলের ১৭ জন খেলোয়াড়কে বদলের জন্যে চিহ্নিত করে বার্সা। চাকরি হারান কোচ সেতিয়েন আর ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদাল। তারই চতুর্থ পদক্ষেপ হিসেবে কোম্যানকে দলের কোচ হিসেবে ঘোষণা করা হলো।

নিজের খেলোয়াড়ি জীবনে ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনার ‘ড্রিম টিম’-এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোম্যান। ডাচ সাবেক এই ডিফেন্ডারের গোলেই তো সাম্পদোরিয়াকে হারিয়ে ১৯৯২ সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে কাতালানরা!

কোম্যান বুটজোড়া তুলে রাখার পর কোচিং ক্যারিয়ারের শুরুর দিকেও ন্যু ক্যাম্পে ছিলেন একটা বড় সময়। সে সময় বার্সেলোনায় কোচ লরেঞ্জো সেরার সহকারী ছিলেন তিনি। প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন ডাচ ক্লাব ভিতেসে। এরপর একে একে আয়াক্স, ভালেন্সিয়া, ফেইনুর্দ, সাউদাম্পটন ও এভারটনসহ আরো বেশ কিছু দলে কোচিং করিয়েছেন তিনি। ২০১৮ সালে তিনি দায়িত্ব পান নেদারল্যান্ডস জাতীয় দলের। সে বছর বিশ্বকাপে খেলতে ব্যর্থ দলটিকে পরের বছরই উয়েফা নেশন্স লিগের ফাইনালে নিয়ে যান তিনি।

এবার বার্সেলোনায় তার চ্যালেঞ্জটা তার চেয়েও কঠিন। টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাজেভাবে হেরে মানসিকভাবে বিপর্যস্ত দলকে সামলাতে হবে তাকে। সে জন্যে পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি, আর তাতে বড় ভূমিকা থাকবে অধিনায়ক লিওনেল মেসিরও, জানিয়েছেন ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি কোম্যানের সঙ্গে কথা বলেছি, সে জানিয়েছে তার পরিকল্পনার মূল স্তম্ভ হবে মেসিই।’ বায়ার্নের কাছে হারের পর থেকেই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। তারই পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিয়েছেন বার্সা সভাপতি।