ম্যাকেঞ্জির মতামত নেবে বিসিবি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি টাইগারদের সঙ্গী হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। গত বছর ভারত সফরে টেস্টে কাজ করলেও নিল ম্যাকেঞ্জি মূলত সাদা বলের দুই ফরম্যাটের জন্যই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ। লঙ্কা সফরে তার যাওয়া অনিশ্চিত। তবে প্রোটিয়া এই কোচের মতামত জানার পরই বিকল্প ঠিক করবে বিসিবি।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনটাই জানিয়েছেন। ম্যাকেঞ্জি শ্রীলঙ্কায় যাবেন কি না জানতে চাইলে বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ম্যাকেঞ্জি এখনো নিশ্চিত নয়।’

ম্যাকেঞ্জি না গেলে বিকল্প পাঠাবে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিকল্প তো থাকবেই। এত বড় স্কোয়াড যাবে। কেউ না কেউ তো যাবেই। ম্যাকেঞ্জি টেস্টে যদি না করে তাহলে টেস্টের জন্য কাউকে তো নিতে হবে। করলে তো হলোই।’

সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাকেঞ্জির মতামত নেবে বিসিবি। প্রধান নির্বাহী বলেন, ‘আগে ম্যাকেঞ্জির মতামত নেব। ও পারবে কি, পারবে না। ও পারলে তো অন্য কোনো অপশনের দরকার নাই। না পারলে তো আমাদের নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতেও পারবে কি না এটা জানা দরকার আগে।’

টেস্টের জন্য ব্যাটিং কোচ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘হতে পারে। এখনো তো সময় আছে। এটার প্রক্রিয়া চলছে। এটার কাজ আগাচ্ছে।’