অনূর্ধ্ব-১৯ দল গঠন
স্পোর্টস রিপোর্টার
এবারের অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য বিকেএসপিতে ট্রায়ালের আয়োজন করেছে। তার আগে যেসব ক্রিকেটার ট্রায়ালে অংশ নেবেন, তাদের সবাইকে তিন ভাগে করোনা ভাইরাস পরীক্ষা করানো হচ্ছে। প্রথম ভাগে কেউ আক্রান্ত বলে শনাক্ত না হলেও মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ভাগের পরীক্ষায় অংশ নেওয়া ইফতেখার হোসেন কোভিডে আক্রান্ত বলে রিপোর্ট এসেছে।
অন্যান্য বছর একটি জোনাল টুর্নামেন্টের মাধ্যমে বেছে নেওয়া হয় যুব দলের ক্যাম্পের খেলোয়াড়দের। এবার করোনা ভাইরাসের কারণে সেই টুর্নামেন্ট হতে পারেনি। তার বদলে সারা দেশ থেকে ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প শুরুর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্ট্যাফ—সবার পরীক্ষা করানো হচ্ছে।
প্রথম দিনে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্ট্যাফের পরীক্ষা করানো হয়। তারা সবাই নেগেটিভ ছিলেন। দ্বিতীয় দিনে ১৫ জন ক্রিকেটারের পরীক্ষা করা হয়। এর মধ্যে ভোলা থেকে আসা বাঁ-হাতি ব্যাটসম্যান ও ডান হাতি বোলার ইফতেখারের সংক্রমণ ধরা পড়ে।
তাকে এখন বিসিবির অ্যাকাডেমিতে রেখেই চিকিত্সা করানো হবে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার, ‘ছেলেটি এখন একাডেমিতে নিজের রুমে আইসোলেশনে আছে। বিসিবির তত্ত্বাবধানে থাকবে সে, সব রকমভাবে আমরা তার পাশে থাকব। আমাদের মেডিক্যাল টিম নিয়মিত খোঁজখবর রাখবে। তারাই ঠিক করবে, পরবর্তী সময়ে আবার কবে টেস্ট করানো হবে।’
