সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ
ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স এস কে ট্রেডার্সের মালিক মো. মনজুর আহমেদের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। গতকাল দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, আসামি মনজুর আহমেদ অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৯৬৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন। এছাড়া তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৫ লাখ ৪৬ হাজার ৯৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এজাহারে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে কমিশন থেকে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে মনজুর আহমেদ গত বছর ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। ঐ বিবরণীতে ৮৫ লাখ ৪৬ হাজার ৯৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৯৬৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন বলে কমিশন প্রমাণ পায়।
