করোনা ভাইরাসের ‘উত্পত্তিস্থল’ উহান। এখান থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাসটি। সেই উহানেই দেখা গেছে ভিন্ন এক চিত্র। সম্প্রতি সেখানকার একটি উন্মুক্ত ওয়াটার পার্কে সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্কবিহীন অবস্থায় আনন্দ উদ্যাপন করতে দেখা গেছে হাজার হাজার মানুষকে।
উহানের মায়া বিচ ওয়াটার পার্ক ঐদিন দর্শনার্থীদের দিয়ে পরিপূর্ণ ছিল। কেউ রাবারের নৌকায় পানিতে ভেসেছেন, আবার কেউ কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে পানিতে দাঁড়িয়েছিলেন। উন্মুক্ত বিনোদনের এই চিত্রটি এখনো বিশ্বের অধিকাংশ অঞ্চলে অচিন্তনীয় ব্যাপার। বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। ৭৬ দিন পর এপ্রিলের প্রথম দিকে উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। সেই থেকে ১ কোটি ১০ লাখ মানুষের শহরটি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। মধ্য মে থেকে শহরটিতে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। উহান মায়া বিচ ওয়াটার পার্ক গত জুনের শেষ দিকে খুলে দেওয়া হয়। তবে এক মাসের বেশি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই বিনোদন কেন্দ্রে তেমন একটা ভিড় ছিল না। বর্তমানে এখানে প্রতি রবিবার গড়ে ১৫ হাজার দর্শনার্থী আসে।—সিএনএন
