এই সময়ের ছড়া
ফারুক হোসেন
মেঘ ভেঙে বৃষ্টির ফোঁটা নামে টুপটাপ
টুপটাপ টুপটাপ টুপটাপ...,
কানে বাজে ছন্দের মাত্রার বন্ধন
ঘরে বসে চুপচাপ চুপচাপ।
বাতাসের এলোমেলো বাধাহীন দোলনায়
গাছপালা দোল খায় দোল খায়...,
মেঘমালা গম্ভীর মুখ করে ঘন কালো
বাতাসের ঝাপটায় ঘোল খায়।
মাঝে মাঝে কানফাটা বজ্রের হুংকারে
আকাশটা খানখান, খানখান...,
বৃষ্টিকে ভালোবেসে জানলায় চোখ রেখে
দাদা-দাদি এ যুগেও পান খান।
ঝড়ো হাওয়া বৃষ্টির মিশ্রণ ধারা যদি
পরিমিত মাত্রায় মাত্রায়...,
ভালো লাগে ভাবনার প্রজাপতি
বৃষ্টির জলে নেমে সাঁতরায়।
ভালোবাসি অবিরাম বর্ষণ
বৃষ্টির কাছে শিখি দর্শন।
