আট জনের কারাদণ্ড, ৫৫ লাখ টাকা জরিমানা
ইত্তেফাক রিপোর্ট
পুরান ঢাকার নবাবপুরে নকল বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী তৈরির অপরাধে ছয়টি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনভর এ অভিযান চালানো হয়। এ সময় জড়িত আট জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় ৫৫ লাখ টাকা।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, চীন থেকে নিম্নমানের ইলেকট্রিক পণ্য আমদানি করে সেগুলোয় খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের নাম বসিয়ে দেওয়া হত। নকল এসব সরঞ্জাম ছড়িয়ে দেওয়া হত ঢাকাসহ সারা দেশে। এসব পণ্য ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
র্যাব সূত্র জানায়, নবাবপুরের অসাধু ব্যবসায়ীরা পাওয়ার ক্যাপাসিটর, সার্কিট ব্রেকার ও তারসহ অন্যান্য নকল বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি করে আসছিল। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে অনুসন্ধানে নামে র্যাব। একপর্যায়ে বুধবার সকালে নবাবপুরের ছয়টি কারখানায় অভিযান চালানো হয়। স্থানীয় ইসলাম মার্কেটের পাশের গলিতে আবাসিক ভবনের নিচে বৈদ্যুতিক সামগ্রীর গুদামের আড়ালে চালু করা হয়েছিল নকল পণ্যের কারখানা। এসব কারখানায় সিমেন্স, বিআরবি, বিবিএস ও বিজলিসহ অন্যান্য ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করা হত। সাধারণ জিআই তার দিয়ে তৈরি করা হত বিদ্যুতের তার। এসব পণ্য ব্যবহারে শর্ট সার্কিটের মারাত্মক ঝুঁকি তৈরি হয়। এতে বড় ধরনের ক্ষতির শঙ্কা থাকে। তাই জনস্বার্থে এই অভিযান চালায় র্যাব।
