বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর মহানগর কমিটি নিয়ে উত্তেজনা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:০৪

স্টাফ রিপোর্টার, রংপুর

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রংপুর মহানগর কমিটি নিয়ে দুইটি গ্রুপ মুখোমুখি অবস্থান করায় রংপুরে চরম উত্তেজনা বিরাজ করছে। রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দের অভিযোগ—একটি মহল ষড়যন্ত্র করে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে ঢাকা থেকে ৪১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে নিয়ে এসেছে। উক্ত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে প্রায় ২৯ সদস্য পদত্যাগ করেছেন।

গতকাল বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রংপুর মহানগর কমিটি সুশৃঙ্খলভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল; কিন্তু এই কমিটিকে কোনো প্রকার চিঠি, নোটিশ না দিয়ে, বর্তমান কমিটি বিলুপ্ত না করে, গঠনতন্ত্র বহির্ভূতভাবে ভবতোষ সরকার বাচ্চুকে আহ্বায়ক ও প্রশান্ত কুমার রায়কে সদস্যসচিব করে ৪১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। এই কমিটি গঠন করায় রংপুরে হিন্দু সম্প্রদায়ের লোকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।