ঢাকায় মানববন্ধনে দেওয়া একটি বক্তব্যের সূত্র ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে আদালতে। অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের আবেদন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে এই আবেদন জমা দেওয়া হয়। আদালত অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী মিঠুন বিশ্বাস। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামের বাসিন্দা বিপ্লব দে সনাতন ধর্মের অনুসারী হিসাবে অভিযোগটি জমা দিয়েছেন। আদালত সূত্র জানায়, ঢাকায় ভাসানী পরিষদের এক সভায় রামায়ন ও মহাভারত সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর একটি মন্তব্যকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বলে আরজিতে বলা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্যে দেওয়ার সময় জাফরুল্লাহ চৌধুরী হিন্দু ধর্মের গ্রন্থ মহাভারত ও রামায়ণ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।
