কুড়িগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১০

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্মসাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও রংপুর বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক আবদুুল খালেক। এ সময় অনুষ্ঠানে আসনে বসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্মসাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কাজলসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন। আহতরা কুড়িগ্রাম জেনারেল         হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।