কক্সবাজারের রামু থানায় মামলা না করেই ফিরে এলেন শিপ্রা। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ ফেসবুকে তার ব্যক্তিগত ছবি ও আপত্তিকর স্ট্যাটাসের বিষয়ে আপাতত মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। শিপ্রার পক্ষ থেকে উচ্চ আদালতে করা রিটের আদেশ হওয়ার কথা আজ। সেই আদেশে কী আসে তা জানার অপেক্ষায় তিনি রামু থানায় গতকাল মামলা করেননি। উচ্চ আদালতের আদেশের ওপর ভিত্তি করে আজ বৃহস্পতিবার মামলা দায়েরের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী দুই এসপিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে রামু থানায় মামলা করার প্রস্তুতি নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে থানার কাছাকাছি গিয়েও ফিরে আসেন শিপ্রা দেবনাথ।
এদিকে রামু থানার ওসি মো. আবুল খায়ের জানিয়েছেন, থানায় জব্দ থাকা ডিভাইস থেকে শিপ্রার ব্যক্তিগত ছবি প্রচার হওয়ার কোনো সুযোগ নেই। এর আগে মঙ্গলবার মধ্যরাতে একই অভিযোগ নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় গিয়েছিলেন শিপ্রা। এ সময় সিফাতসহ কয়েক জন তার সঙ্গে ছিলেন। শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু গতকাল জানান, মঙ্গলবার রাতে মামলা করতে কক্সবাজার সদর মডেল থানায় গেলেও থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। সদর থানার ওসি মো. খায়রুজ্জামান তাদের রামু থানা বা ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহর থেকে রামু থানার উদ্দেশ্যে রওনা হন তারা। কিন্তু ঢাকা থেকে জানানো হয়, উচ্চ আদালত শিপ্রার পক্ষে দায়ের করা রিটের আদেশ দিতে পারেন বৃহস্পতিবার। সেই আদেশ কী আসে তা জানার অপেক্ষায় মামলার নথি রামু থানায় জমা না দিয়ে আবার কক্সবাজার ফিরে আসেন তারা।
পুলিশের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে শিপ্রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন তিনি। এদিকে শিপ্রা দেবনাথের পক্ষ থেকে দুই পুলিশ সুপারের (সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, অপরাধীকে শাস্তি পেতেই হবে। বুধবার সকালে বিচারপতি জে বি এম হাসান ও মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে হয়েছে রিটের শুনানি। হাইকোর্ট রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন।
