সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করলেন প্রধান বিচারপতি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১২

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে মামলা জট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছরে সুপ্রিম কোর্টের প্রায় ৫০ দিনের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির মতামত নিয়ে ঐ ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের চলতি বছরের পরবর্তী অবকাশকালীন সব ছুটিসমূহ বাতিল করা হলো।

প্রধান বিচারপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ইত্তেফাককে বলেন, গত ৮ জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভা থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিলের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়। করোনাকালে দুই মাস সরকারঘোষিত সাধারণ ছুটিতে সব আদালতের কার্যক্রম বন্ধ ছিল। ফলে মামলা জট বেড়ে যাওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয়েছে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে। আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে অবকাশকালীন ছুটি বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে সাধুবাদ জানাই। এ ধরনের সিদ্ধান্তের ফলে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ উপকৃত হবে।

প্রসঙ্গত চলতি বছরের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুযায়ী ৬ আগস্টের পর ৩১ আগস্ট থেকে ৫ অক্টোবর, ২৫ ও ২৭ অক্টোবর এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল। প্রধান বিচারপতির সিদ্ধান্তে এখন ঐ ছুটি বাতিল হয়ে গেল। আগে অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে স্বল্প পরিসরে বিচারকাজ চলত। অর্ধশত বেঞ্চের মধ্যে ১০-১৫টি বেঞ্চে বিচার কাজ পরিচালিত হতো। কিন্তু ছুটি বাতিল হওয়ায় এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ অনুষ্ঠিত হবে।