ইত্তেফাক রিপোর্ট
জনশক্তির দক্ষতা বৃদ্ধিসহ সামগ্রিক শিল্প খাতের উত্পাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিওসিসিআই) যৌথভাবে কাজ করবে। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লক্ষ্যে এনপিওর সঙ্গে উভয় ব্যবসায়ী চেম্বারের মধ্যে পৃথক দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। শিল্পসচিব কে এম আলী আজমের উপস্থিতিতে সমঝোতা স্মারকে এনপিওর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, বিসিআইয়ের সহসভাপতি প্রীতি চক্রবর্তী এবং ডিডব্লিওসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজ ফারহানা আহমেদ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিআই ও ডিডব্লিওসিসিআইয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য প্রদানকালে শিল্পসচিব প্রশিক্ষণকে গতানুগতিক না রেখে প্রকৃত অর্থে জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগানোর আহ্বান জানান।
