বিশ্বের সবাই মোটামুটি জানেন যে, জো বাইডেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন। কেবল আনুষ্ঠানিকতার প্রয়োজন ছিল। মঙ্গলবার সেই প্রক্রিয়াও শেষ হয়েছে। ডেমোক্রেটিক পার্টি দেশের ভবিষ্যত্ উজ্জ্বল করতে ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনকে মনোনয়ন দিয়েছে। খবর বিবিসি ও ডয়চেভেলের।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, বাইডেন ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে আছেন। করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো। বাইডেন, তার স্ত্রী এবং অন্য ডেমোক্র্যাট নেতাদের ভাষণ অনলাইনে দেখা গেছে। ভার্চুয়াল সম্মেলনে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা বাইডেনকে সমর্থন দেওয়ার কারণ জানিয়েছেন। জবাবে বাইডেন সবাইকে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন। তবে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব গ্রহণ করে দীর্ঘ ভাষণ দেবেন। ১৯৮৮ সাল থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করছেন জো বাইডেন। ১৯৭২ সালে তিনি সিনেটর হন। মঙ্গলবার রাতে অন্যতম প্রধান বক্তা ছিলেন জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তিনি বলেছেন, ‘আমরা দেখাতে পেরেছি যে, আমাদের জাতির হূদয় এখনো সাহস ও দয়ায় ভরা। এটাই আমেরিকার আত্মা, যার জন্য জো বাইডেন লড়াই করে যাচ্ছেন’।
মনোনয়ন পাওয়ার পর বাইডেনকে শুভেচ্ছা জানান, সাবেক দুই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান কলিন পাওয়েল। ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে মঙ্গলবার লিডারশিপ ম্যাটার্স শিরোনামে মূল ভাষণ উপস্থাপন করেন বিল ক্লিনটন। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সশরীরে ভোট না দিয়ে ডাকযোগে ভোটপ্রদানকে উত্সাহিত করায় নিউ জার্সি সরকারের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাট গভর্নর ডাকযোগে সব ভোটারের কাছে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার মামলাটি করা হয়।
