৮০ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সর্বনিম্ন

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১৯

বিগত ৮০ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনার সর্বনিম্ন শনাক্তের হার ছিল। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৪৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। এর আগে গত ৩০ মে শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬৬ শতাংশ। মঙ্গলবারের চেয়ে গতকাল ৪১৩ জন কম শনাক্ত হয়েছেন।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৮৫ হাজার ৯১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায়        নতুন যত রোগী শনাক্ত হয়েছে, তার চেয়ে বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৪৭ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। মঙ্গলবার মারা যান ৪৬ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৪৩৫ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩৬১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৭৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৬৩০ জনের। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যু হয়।