সংসদের পাঁচ শূন্য আসন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৬৬ জন

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:২০

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে তৃতীয় দিনে আরো ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত তিন দিনে মোট ৬৬ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম কিনলেন। এর মধ্যে জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ১৪ জন, পাবনা-৪ আসনে ১৮ জন, ঢাকা-৫ আসনে ১০ জন এবং ঢাকা-১৮ আসনে ২৩ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে একজন আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র কিনেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় বনানী কবরস্থানে বাবা মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এই আবেদনপত্র ক্রয় করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ক্লিন ইমেজের নেতা তানভীর শাকিল জয়। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ইতিমধ্যে প্রকৌশলী জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে রেজুলেশন পাস করেছে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিমের পিতা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী, যিনি পঁচাত্তরের ৩ নভেম্বর কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় নির্মমভাবে খুন হন। আর গত ১৩ জুন না ফেরার দেশে চলে গেছেন মোহাম্মদ             নাসিম। সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিম ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার পর শেখ হাসিনা তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেন।

মাঝখানে ওয়ান-ইলেভেন সরকারের দেওয়া মামলার কারণে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি মোহাম্মদ নাসিম। ঐ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন তানভীর শাকিল জয়। রাজনীতিতে তাদের পরিবারের ভূমিকা নিয়ে ‘সংসদে তিন প্রজন্ম’ নামের একটি বইয়ের সম্পাদনাও করেছেন মোহাম্মদ নাসিম। তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—নওগাঁ-৬ আসনে মো. ইউনুস আলী প্রামানিক, মো. রেজাউল ইসলাম, এস এম আব্দুল জলিল, আব্দুর রহমান, প্রীযুষ কুমার সরকার, মো. আনোয়ার হোসেন হেলাল ও মো. জাহেদুল হক; পাবনা-৪ আসনে মো. আকরাম হোসেন, এস এম গোলাম মোস্তফা, মো. পাঞ্জাব আলী বিশ্বাস, মো. আবুল কালাম আজাদ মিন্টু, মো. আশরাফ আলী, মনজুর রহমান বিশ্বাস ও মো. হাবিবুর রহমান হাবিব; ঢাকা-৫ আসনে নেহরিন মোস্তফা; ঢাকা-১৮ আসনে মো. ইসহাক মিয়া, মো. আফসার উদ্দিন খান, নির্মল ডিকস্তা, নাজমা আক্তার, মো. মোজাম্মেল হক, মোহাম্মদ মূসা ও আনিছুর রহমান।