বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, বিশ্বকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত করতে এবং মানুষের জীবন বাঁচাতে করোনা নিয়ে গবেষণার কোনো বিকল্প নেই। আর সেজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণা প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের আওতায় ভাইরাসটির বিভিন্ন দিক নিয়ে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়েছে। ভাইরাসটি নিয়ে গবেষণার জন্য মোট ১৪ জন শিক্ষককে রিসার্চ গ্রান্ট প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বিএসএমএমইউতে করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণা প্রকল্পের আওতায় গবেষণা সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনা ভাইরাসের চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে—ভাইরাসটি মানুষের দেহে কতক্ষণ বেঁচে থাকে, কীভাবে ছড়ায়, কোন ধরনের সমতলে কতক্ষণ টিকে থাকে, মানুষের দেহে কীভাবে এটি পরিবর্তিত হয়, আক্রান্ত রোগীদের চিকিত্সা ও ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তর গবেষণার সুযোগ রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। সঞ্চালনা করেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
