ঢাকা-আবুধাবি রুটে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বাংলাদেশ বিমান। এই রুটে এতদিন সপ্তাহে চারটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি। গত তিন দিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমান বন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর কারণে মঙ্গলবার থেকে ফ্লাইট কমিয়ে দুইটিতে নামিয়ে আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বলেছেন, আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে সপ্তাহে দুইটি ফ্লাইট আগামী ৩০ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবুধাবি কর্তৃপক্ষকে শিডিউল পাঠানোর পর টিকিট দেওয়া হয়। এরপর তাদের দেশে নিয়ে গেলে সেই যাত্রীদের ঢুকতে দিচ্ছে না। ফিরিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমাদের বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দুবাই, কুয়ালামালপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান। আবুধাবিতে বিমানের সপ্তাহে ছয়টি ফ্লাইট যেত। বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা বলেন, অফিশিয়ালি গতকাল বুধবার আমাদের জানানো হয়েছে—আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আবুধাবি সরকার কর্মসংস্থান ভিসায় প্রবাসীদের প্রবেশ করতে দিচ্ছে না। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। গালফ ট্রাভেলসের কর্ণধার শাহ আলম বলেন, বিদেশি তিনটি বিমান সংস্থায় আবুধাবির যাত্রীরা চাকরির ভিসা নিয়ে আবুধাবি যেতে পারছে। তবে বাংলাদেশ বিমানের যাত্রীরা কেন আবুধাবি যেতে পারল না বা তাদের ফেরত পাঠানো হলো তা আমার বোধগম্য না। এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই এবং এমিরেটসের ফ্লাইটে আবুধাবি যাত্রীরা চাকরির ভিসায় নির্বিঘ্নে যেতে পারছেন বলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো আমাদের বলেছে।
