মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৩৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোন চুরি ও পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামে ছাত্রলীগের এক নেতার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হাসপাতাল সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় ছাত্রলীগের ঐ নেতা হামলার শিকার হন। পুলিশ ঘটনাস্থলের সড়কে পড়ে থাকা বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুভ শীল মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী এবং পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি শহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার শ্যামল চন্দ্র শীলের ছেলে। ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিপক্ষ সাদিক, নাঈম, কোরবান, তানভীর মল্লিকসহ কয়েক জন যুবক মিলে শহরের হাসপাতাল রোডের ব্রিজসংলগ্ন এলাকায় শুভকে আটকে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। ঘটনার সময় ব্রিজসংলগ্ন সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।

গতকাল বুধবার দুপুরে হিন্দু যুব ঐক্য পরিষদ পৌরসভা শাখার উদ্যোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহিদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান,  সন্ত্রসী ঘটনা দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগের নেতা শুভর কবজি কর্তনের ঘটনা নৃশংস ও বেদনাদায়ক। মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদ্দুজ্জামান মিলু ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আহত কলেজছাত্রের বাবা শ্যামল চন্দ্র শীল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মঠবাড়িয়ার কবজি বিচ্ছিন্ন

এদিকে মঠবাড়িয়ার ছাত্রলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় সংগঠনের মঠবাড়িয়ার পৌর শাখার কমিটি বিলুপ্ত করে চার ছাত্রলীগ কর্মীকে কেন্দ্রীয় কমিটি স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন—সাকিল আহমেদ সাদি, তানভীর মল্লিক ও তৌফিক আহসান প্রান্ত ও কোরাবান জুনায়েদ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও  সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্য স্বাক্ষরিত এক পত্রে গতকাল বুধবার এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। এই ঘটনায় ফজলে রাব্বি নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ আটক করেছে।