বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৩৮

রাজধানীর শনির আখড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ হোসেন। এই ঘটনায় চালকসহ ঠিকানা পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। নিহত মাসুদের খালাতো ভাই জসিম উদ্দিন পুলিশকে জানান, ধোলাইপাড়ে ইলেকট্রিক যন্ত্রাংশের ব্যবসা রয়েছে মাসুদের। গতকাল সকালে ডেমরার শান্তিবাগের নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে ধোলাইপাড়ের উদ্দেশে রওয়ানা দেন মাসুদ।

যাত্রাবাড়ী থানার এসআই শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঠিকানা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মাসুদ রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়। আটক করা হয় বাসের চালককে। আহত মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্লানদি গ্রামে।