৪০ লাখ টাকা ঘুষের মামলায় সাময়িক বরখাস্তকৃত দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির ও পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। জবানবন্দি গ্রহণের পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। কিন্তু তা সম্পন্ন না হওয়ায় আগামী ২ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য দিন ধার্য করেছে আদালত।
গত বছরের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ঐ চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাত্কার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ঐ অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন। পরে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে পুলিশ ও দুদকের সাময়িক বরখাস্তকৃত ঐ দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা করা হয়। এরপর তাদের কারাগারে পাঠায় পুলিশ। এখনো তারা কারাগারে রয়েছেন। গতকাল সাক্ষ্যগ্রহণের দিনে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। গত ১৮ মার্চ এ মামলায় দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।
