ইরানের ওপর জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র দাবি তুলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান।
জানা গেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য তোলা মার্কিন প্রস্তাবের উপর ভোটাভুটিতে হেরে যায় যুক্তরাষ্ট্র । তাই এবার তেহরানের বিরুদ্ধে এই সংস্থার ১৫ সদস্যর কাছে অভিযোগ করবে ওয়াশিংটন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা গেছে , যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ করবে যে ২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতা ঠিকমতো মেনে চলছে না ইরান। যদিও যুক্তরাষ্ট্র নিজেই এই সমঝোতা থেকে ২০১৮ সালে বেরিয়ে গেছে।
জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার নিউইয়র্ক যাবেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন। ওই অভিযোগপত্রে তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানাবেন ।
বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চিন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এইসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এখন পরমাণু সমঝোতার কোনও পক্ষ নয় এবং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনও পদক্ষেপ নিতে পারে না।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার পর নিরাপত্তা পরিষদ ৩০ দিনের মধ্যে নতুন প্রস্তাব পাস করে ইরানকে নিষেধাজ্ঞা মুক্ত করবে অথবা স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হলো কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত এই প্রস্তাবে ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে দু’টি করে।সেখানে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও বিপক্ষে চীন এবং রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছ।
ইত্তেফাক/এআর
