এবার নিজ দেশ পাকিস্তান হন্তারক হলেন আজহার মাহমুদ। চলমান টেস্ট সিরিজ শেষে এ মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার আজহার মাহমুদকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের বোলারদের সহায়তার জন্য আজহারকে নিয়োগ দিয়েছে ইসিবি।
ইংল্যান্ডের কাউন্টিতে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে আজহারের। সারে ও কেন্টের হয়ে দীর্ঘদিন খেলেছেন আজহার। এমনকি তার ব্রিটিশ পাসপোর্টও আছে।
গেল বছর বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য ছিলেন আজহার। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে মিকি আর্থারসহ অন্যান্য স্টাফদের সাথে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে পাকিস্তানের দায়িত্ব থেকে অব্যাহতি পান আজহার।
তবে এবার দেশের বিপক্ষে ইংল্যান্ডের কোচিং স্টাফদের সাথে কাজ করবেন আজহার। ইংলিশদের নিয়মিত বোলিং কোচ জন লুইসের সহকারী হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার।
পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার। ব্যাট হাতে টেস্টে ৯শ রান ও ৩৯ উইকেট, ওয়ানডেতে ১৫২১ রান ও ১২৩ উইকেট শিকার করেছেন ৪৫ বছর বয়সী আজহার।
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বিশ্রাম দিয়েছে ইসিবি। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গ্রাহাম থর্প। আরেক সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড, থর্পের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ২৮ অগাস্ট থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর। তিন ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।
ইত্তেফাক/এমআর
