রংপুরে চেক জালিয়াতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলামের ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করেছেন রংপুর আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে এবং তার দেওয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। এই পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে রায় দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন: মদনে নৌকাডুবির তদন্ত প্রতিবেদন: প্রচণ্ড বাতাস ও ঢেউ প্রাণহানীর কারণ
অপরদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, এতদিন ওই মামলার বিষয়টি অজানা ছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
ইত্তেফাক/এসি
