জুলাইয়ে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ ভাগে

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:২০

গেল জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশে। যা আগের মাস জুনে ছিল ৬ দশমিক শূন্য ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এক মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি হার কমে আসলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। জুন মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫৪ ভাগ হতে জুলাইয়ে কমে হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২২ হতে বেড়ে ৫ দশমিক ২৮ হয়েছে। বিবিএসের তথ্যে দেখা যায়, গ্রামের তুলনায় শহরে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যবৃদ্ধি তুলনামূলক বেশি। বিবিএসের হিসাবে এক মাসের ব্যবধানে গৃহস্থালী খরচ, যাতায়াত ও চিকিত্সা ছাড়াও বিবিধ খাতে খরচ বেড়েছে। শহর ও গ্রামের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক শূন্য ২ শতাংশ যা জুলাই মাসে কমে হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশে। এ সময়ে গ্রামীণ অঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৪৭ ভাগ হতে কমে ৫ দশমিক ৬৭ ভাগ হয়েছে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ১৮ ভাগ হতে কমে ৪ দশমিক ৯৮ ভাগে স্থির হয়েছে।

অন্যদিকে শহরাঞ্চলে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ ভাগে যা জুন মাসে ছিল ৬ দশমিক শূন্য দশমিক ৩ ভাগ। এ সময়ে শহরাঞ্চলে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৭২ ভাগ হতে কমে ৫ দশমিক ৭৬ ভাগ হয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২৭ ভাগ হতে বেড়ে ৫ দশমিক ৬৮ ভাগ হয়েছে।